
নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জনে।গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। সুস্থতার হার ৯৫ দশমিক শূন্য ১১ শতাংশ।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৬৭ শতাংশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৭৯৯টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ২৩৩টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৪৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি।
নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় যে ৫৬ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩৭ জন এবং পুরুষ ১৯ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ২০ জন, ষাটোর্ধ্ব ১১ জন, সত্তরোর্ধ্ব নয়জন, আশি-ঊর্ধ্ব ছয়জন ও ৯০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় ছয়জন, বরিশালে চারজন, সিলেটে পাঁচজন, রংপুরে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।
লকডাউনের প্রভাবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সংক্রমণ কমতে শুরু করেছিল। পবিত্র ঈদুল ফিতরের পর মে মাসের মাঝামাঝি সময় থেকে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়।
ঈদের পর সীমান্তবর্তী জেলাগুলোতে দ্রুত সংক্রমণ বাড়তে শুরু করে। বর্তমানে মোট ৯০ লাখ ৯১ হাজার ৬১০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৯ শতাংশ।
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে। আগের কয়েক সপ্তাহে প্রতিদিন মৃত্যু ছিল ২০০ এর বেশি মানুষের। তবে গত সাত দিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সংখ্যা দুইশ’র নিচে রয়েছে।
এর আগে গতকাল সোমবার ৬৫ জনের মৃত্যু হয়।এছাড়া রোববার ৭০ জনের মৃত্যু হয়, শনিবার ৬১ জন, শুক্রবার ৭০ জন, বৃহস্পতিবার ৭৯ জন, বুধবার ৭৯ জন।
এর আগে শুক্রবার করোনায় ১১৭ জনের মৃত্যু হয়। ১৩ আগস্ট আবার মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামা শুরু করে। আগের কয়েক সপ্তাহে প্রতিদিন মৃত্যু ছিল ২শ’র বেশি মানুষের।
এগ্রিকেয়ার/এমএএইচ
























