ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: গভীর রাতে পূর্বশত্রুতার জের ধরে আলুর স্তূপে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ১২শ’ মণ আলু পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১৭ মার্চ ২০২১) দিবাগত রাত সাড়ে ৩টার দিকেমুন্সিগঞ্জ সদর উপজেলায় আঁধারা ইউনিয়নের রাঢ়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঐ এলাকার কৃষক খোকন দেওয়ানের দুটি এবং দেলোয়ার দেওয়ান, সালাউদ্দিন চৌধুরী ও আব্দুল হাই চৌধুরীর একটি করে আলুর স্তূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কৃষক খোকন দেওয়ানের ভাতিজা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুরুজ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘গভীর রাতে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আলুর স্তূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। পাঁচটি স্তূপে থাকা প্রায় ১২শ’ মণ আলু পুড়ে নষ্ট হয়ে যায়। এতে ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছি।’

তিনি আরও বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা আগে কখনো হয়নি। তবে যারাই এরসঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত।

‘এ নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাননি পুলিশ। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

এগ্রিকেয়ার/এমএইচ