
পুষ্টি ও স্বাস্থ্য বার্তা ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মধ্য আয়ের দেশে অতি দরিদ্রসহ ৪ কোটি দরিদ্রের খাদ্য ও পুষ্টি নিশ্চয়তা চাই দাবী নিয়ে ‘খাদ্য অধিকার আইন চাই’ শীর্ষক গণস্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’র প্রশিক্ষণ রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রাজশাহী ও গোদাগাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও এসিডির কর্মীসহ মোট ৫০ জন অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এসিডি এ ক্যাম্পেইনের আয়োজন করে। এতে উপস্থিত সবাই খাদ্য অধিকার আইন চাই শীর্ষক গণস্বাক্ষর ক্যাম্পেইনে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুর রাজ্জাক, প্রজেক্ট অফিসার এস.এম আহসান উল্লাহ সরকার, মোঃ কাইছার হামিদ এবং মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার সরোজ কুমার বিশ্বাস।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের উদ্দেশে খাদ্য অধিকার এর সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলা হয় যে, বিগত কয়েক বছর ধরে অর্থনৈতিক ও সামাজিকসহ (খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন ইত্যাদি) বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়নের ধারাবাহিকতায় জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রাথমিক স্বীকৃতি প্রদান করেছে।
ইতিমধ্যে ২০১৬-১৭ অর্থবছরে দেশজ প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে উন্নীত হয়েছে। এসকল সাফল্য ও সরকারের সুলিখিত খাদ্য নীতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন কর্মসূচি থাকা সত্ত্বেও দীর্ঘ সময়কাল ধরে দেশে দরিদ্র জনগোষ্ঠীর কেউ বেশি কম বা অল্প খেতে পায়।
পাশাপাশি নারী ও শিশু সহ দরিদ্র জনগোষ্ঠীর পরিস্থিতি উদ্বেগজনক। এপ্রেক্ষিতে অতিদরিদ্রসহ ৪ কোটি দরিদ্র মানুষের খাদ্য ও পুষ্টির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য অধিকার আইন প্রণয়ণে সকলকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সংহতি প্রকাশ করে গণস্বাক্ষর ক্যাম্পেইনে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।
ক্যাম্পেইনে উপস্থিত অংশগ্রহণকারীগণ খাদ্য প্রাপ্তির বিষয়টি মৌলিক চাহিদা হিসেবে স্বীকার করে মর্যদার সঙ্গে বসবাস, ক্ষুদা, খাদ্য নিরাপত্তাহীনতা ও পুষ্টিহীনতা থেকে মুক্ত জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠায় তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।
























