
কৃষির জানা অজানা, এগ্রিকেয়ার২৪.কম: কাক ডাকা ভোর থেকে নিঝুম রাতে চা আমাদের নিত্যসঙ্গী। শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি, মাথা ব্যথা ও ক্লান্তি দূর করতে যেমন চা পান করি গাছের ক্ষেত্রেও হয়ত তেমন কাজ করে চা-চায়ের পাতা। আসুন জেনে নিই গাছের গোড়ায় চা-পাতা দিলে যেসব উপকার পাওয়া যায়:-
মানবদেহের জন্য চায়ের উপকারিতা যেমন; গাছের বেলায়ও চা-পাতার উপকারিতা রয়েছে। চা-পাতায় আছে ট্যানিক অ্যাসিড। চা-পাতা পচতে শুরু করলে মাটিতে এই ট্যানিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান ছাড়ে। ফলে মাটির অম্লতা বৃদ্ধি পায়, পাশাপাশি পুষ্টি গুণাগুণও।
পড়তে পারেন: ছাদ বাগানে সার প্রয়োগ পদ্ধতি
চা-পাতা বেশ ভালো ‘মালচ’ হিসেবে কাজ করে। ‘মালচিং’ মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতি। এই পদ্ধতির চর্চা আমাদের দেশেও অনেক দিন ধরে চলছে। মালচিংয়ের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের উপাদান—ধান বা গমের খড়, কচুরিপানা, গাছের পাতা, শুকনা ঘাস, কম্পোস্ট, ভালোভাবে পচানো রান্নাঘরের আবর্জনা ইত্যাদি। এই উপাদানগুলো দিয়ে গাছপালার গোড়া, সবজিখেত ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেওয়া হয়। আর একেই বলে মালচ এবং পদ্ধতিটিকে বলা হয় মালচিং।
তো মালচিংয়ের ব্যবহৃত উপাদানের মধ্যে চা-পাতা অন্যতম উপাদান। চা-পাতা মাটির তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং মাটিকে দ্রুত শুকিয়ে যেতে দেয় না। এ ছাড়া আগাছা জন্মাতেও দেয় বাধা। মালচিংয়ের জন্য গাছের গোড়ায় মোটামুটি শুকনা চা-পাতার এক আস্তরণ দিতে হয়, যাতে মাটির উপরিভাগ পুরোপুরি ঢেকে যায়।
পড়তে পারেন: জেনে নিন ছাদবাগানে গাছ রোপণ ও পরিচর্যা
কীটপতঙ্গ গাছের জাতশত্রু। চা-পাতা মেশানো পানি গাছে ছিটিয়ে দিলে কীটপতঙ্গের হাত থেকে রেহাই মেলে। চায়ের ঘ্রাণ ইঁদুর, বিড়াল ও অন্যান্য পোকামাকড়ের ভীষণ অপছন্দ। তাই গাছের পাতায় ও গোড়ায় চা-পাতা ছিটিয়ে দিলে এসব থেকেও থাকা যায় নিরাপদ। এ ছাড়া চায়ের পাতার কারণে গাছে ছত্রাকও জন্মে না।
অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি চা-পাতা জোগান দেয় নাইট্রোজেনের। এই নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয়। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে পাতা হলুদ হয়ে যায় এবং খাবারও তৈরি করতে পারে না। ধীরে ধীরে গাছ মরেও যেতে পারে।
পড়তে পারেন: ছাদ বাগানে যেসব ফল গাছ লাগাবেন
সব গাছের জন্যই কি উপকারী?
এত গুণাগুণের পর চা-পাতার উপকারিতা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। তবে চা-পাতা সব কাছের জন্য উপকারী নয়। যেসব গাছ অম্ল পরিবেশ সহ্য করতে পারে না, সেগুলোর জন্য চা-পাতা ক্ষতির কারণ হতে পারে। এ কারণে রোপণের সময় খেয়াল রাখতে হবে, গাছগুলো মাটির অম্লতা সহ্য করতে পারে কি না। আর তা যাচাই করেই চা-পাতা ব্যবহার করা উচিত। তবে প্রাথমিকভাবে একটি বিষয় খেয়াল রাখতে হবে। গাছের পাতা হলুদ রং ধারণ করলে বুঝে নেবেন মাটিতে অম্লের পরিমাণ বেশি।
চা-পাতা ব্যবহারে সতর্কতা
চা-পাতা গাছের জন্য ভালো বলে ইচ্ছেমতো ব্যবহার করা উচিত হবে না। আমরা কেউ কেউ দুধ চা পছন্দ করি, আবার কেউ লাল চা। কেউ চায়ে চিনি মেশাই, আবার কেউ চিনি নিই না। তাই ব্যবহৃত চা-পাতা গাছের গোড়ায় দেওয়ার আগে বিষয়গুলো খেয়াল করতে হবে। গাছের জন্য চিনি ও দুধ বেশ ক্ষতির কারণ হতে পারে। তাই দুধ চা বানানোর পর যে চা-পাতা পাবেন, তা গাছের গোড়ায় দেওয়া যাবে না।
পড়তে পারেন: বর্ষায় ছাদবাগানের যত্ন নেবেন যেভাবে
টি-ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ, টি-ব্যাগ যে উপাদান দিয়ে তৈরি, তা মাটিতে না-ও মিশতে পারে। তাই টি-ব্যাগ কেটে শুধু পাতাগুলো গাছের গোড়ায় দেওয়া যেতে পারে।
সব শেষে কথা হলো, চা-পাতা গাছের গোড়ায় দিলে উপকার মেলে। তবে একটু সতর্ক থাকতে হবে। লাল চা থেকে যে পাতা বের হচ্ছে, তা-ই শুধু ব্যবহার করতে হবে। চা অর্ধেক কাপ খেয়ে বাকিটা খেতে ইচ্ছা হলো না, আর অমনি গাছের গোড়ায় ঢেলে দিলেন—এটা করাও বারণ। গরম চা গাছের ক্ষতি করে। তাই চা ঠান্ডা হলেই তা গোড়ায় ঢালুন। চা-পাতা জৈব সারে পরিণত করেও দেওয়া যাবে।
সূত্র: ব্রিউড লিফ লাভার
এগ্রিকেয়ার/এমএইচ
























