ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় ধরা পড়া ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ঢাঁই মাছ ৫৯ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মাছটি ধরা পড়ে জেলে সোনাই হালদারের জালে। পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ৫৯ হাজার ৪৫০ টাকায় ঢাঁইটি বিক্রি করেছেন ওই জেলে।

জানা যায়, মানিগঞ্জের শিবালয় থানার জাফরগঞ্জ এলাকার জেলে সোনাই হালদার। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে মাঝপদ্মায় জাল ফেলেন তিনি ও তার সঙ্গীরা। এ সময় বড় আকারের একটি ঢাঁই মাছ তাদের জালে ধরা পড়ে। পরে মাছটি বিক্রি করতে সকালে নিয়ে যান দৌলতদিয়া ঘাট এলাকায় আনু খাঁর আড়তে। সেখানে মেপে দেখা যায় মাছটির ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম।

পরে ৪ হাজার ১০০ টাকা কেজি নিলাম দরে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ওই ঢাঁইটি বিক্রি করেন জেলে সোনাই।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিলামডাকে জেলে সোনাই হালদারের কাছ থেকে ৫৯ হাজার ৪৫০ টাকায় ওই ঢাঁই মাছটি আমি কিনেছি। দেশের বিভিন্ন এলাকায় সৌখিন মাছ ক্রেতাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছি। খদ্দের পেলে সামান্য লাভে সাড়ে ১৪ কেজি ওজনের ঢাঁই মাছটি আমি বিক্রি করব।