ঘূর্ণিঝড়ের সময়ে আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এ সতর্কবার্তায় এসব তথ্য দেওয়া হয়েছে।

সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো: আবুল কালাম মল্লিক বলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পড়তে পারেন: সোনালী মুরগির নামে আমরা কি খাচ্ছি!

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার দেশের আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূপীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি ও দিক  দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪৫ মিনিট।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫১ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিন বৃষ্টিপাত প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ