
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। আগামীকাল মঙ্গলবার দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হয়ে তাপমাত্রা কমতে পারে। ফলে স্বস্তি নামতে পারে জনজীবনে। এমনই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূ্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, থেমে থেমে অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমবে।
আবহাওয়া দপ্তর জানায়, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা, বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর একটি বর্ধিতাংশ পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী ধরনের সক্রিয় রয়েছে।
পড়তে পারেন: দেশে ঢুকছে ভারতীয় পেঁয়াজ, কেজিতে কমলো ১০ টাকা
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, প্রকৃতিতে বর্ষাকাল চললেও আকাশে যে পুঞ্জিভূত মেঘের অক্ষ সেটা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এ কারণে বাংলাদেশে বৃষ্টির দেখা নেই। এই অক্ষ বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেলেই মুষলধারে বৃষ্টি সম্ভব।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল কুতুবদিয়া, টেকনাফ, সিলেট ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ৬৫ মিলিমিটার।
আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৮ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ২২ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























