
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধন করা হয়েছে। ট্রেনটি রহনপুর স্টেশন থেকে ১২১ ক্যারেটে তিন হাজার কেজি আম নিয়ে রওনা হয়েছে।
সোমবার বিকেল সোয়া ৪টায় ট্রেনটি উদ্বোধন করেন রাজশাহী রেলওয়ের (পশ্চিম) প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম। আজ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে শহরে বুকিং করা আম নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে ট্রেনটি।
আট ওয়াগনে ৩০০ মেট্রিক টনের বেশি আম পরিবহন করা যাবে স্পেশাল ম্যাংগো ট্রেনে। এ বিশেষ ট্রেনে আম ছাড়াও লিচু, মৌসুমি ফল, ডিমসহ সব ধরনের কৃষিপণ্যও কম খরচে ঢাকায় নেওয়া যাবে। সপ্তাহে সাত দিনই চলা এ ট্রেনটি রহনপুর রেলস্টেশন থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত পৌনে ২টায় ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছাবে। পণ লোড-আনলোড করতে পথে ১১টি স্টেশনে যাত্রা বিরতি নেবে। এ পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে খরচ পড়বে ১.৩১ টাকা আর রাজশাহী থেকে ১.১৭ টাকা।
পড়তে পারেন: ম্যাঙ্গো ট্রেনের পর এবার আসছে কৃষি ট্রেন
জানা যায়, রহনপুর থেকে ট্রেনটি ছেড়ে পথে আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের পর তেজগাঁও গিয়ে থামবে।
রাজশাহী রেলওয়ের কর্মকর্তা (পশ্চিম) শহিদুল ইসলাম বলেন, কম খরচে সব ধরনের কৃষি পণ্য ঢাকায় নেওয়ার জন্য তৃতীয় বারের মতো এ স্পেশাল ট্রেনটি উদ্বোধন করা হল। কুরিয়ার সার্ভিসে একটন আম ঢাকায় নিতে খরচ পড়ে ২০ হাজার টাকা। আর আমাদের ট্রেনে খরচ পড়বে মাত্র এক হাজার ১১৭ টাকা। এছাড়া এবার কম খরচে আম পরিবহনের পাশাপাশি লিচু, ডিমসহ সব ধরনের কৃষিপণ্যও ঢাকায় নেওয়া যাবে।
ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশী) শাহিদুল ইসলাম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পাকশী) নাসিরুদ্দিন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, গোমস্তাপুরের উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
এগ্রিকেয়ার/এমএইচ
























