এগ্রিকেয়ার ডেস্ক: জাতীয় পাট দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকালে অনলাইনে মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

পাট ও পাটপণ্যের প্রতি আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনসহ সকলকে এই মেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গতকাল সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবারের আয়োজন নিয়ে বিস্তারিত জানান।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে আধুনিক, গণতান্ত্রিক, উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা; যেখানে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে। বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি এ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। সেজন্য ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হওয়া পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করবে সরকার।

অপরদিকে, দেশের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসি’র নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদী ইজারা কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে ইজারা দেয়া মিলগুলোর মধ্যে নয়টি মিলে ৭ হাজার ২০০ জন কাজ করছে; যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।