
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় আধুনিক প্রযুক্তি ও মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করে সফলতার মুখ দেখছেন তরুণ কৃষি উদ্যোক্তারা। চলতি মৌসুমে প্রায় এক একর জমিতে স্ট্রবেরি চাষ করে সাত থেকে আট লাখ টাকা লাভের আশা করছেন তারা।
উপজেলার সদর ইউনিয়নের রবিপুর গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা শাহরিয়ার হোসেন, আরিফ হোসেন, মনিরুজ্জামান ও ছামিউল ইসলামের যৌথ উদ্যোগে এবার প্রায় এক একর জমিতে উইন্টারডন, ফেস্টিভ্যাল, আমেরিকান ফেস্টিভ্যালসহ চার জাতের স্ট্রবেরি চাষ করা হয়েছে। তাদের এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
জানা গেছে, ওই জমিতে প্রায় ১৫ হাজার স্ট্রবেরি গাছ রয়েছে। সারি সারি ঝোপালো সবুজ গাছের পাতার ফাঁকে ফুটেছে সাদা ফুল, আর তার মধ্যেই দেখা মিলছে লাল, খয়েরি ও সবুজ রঙের স্ট্রবেরির। ইতোমধ্যে তারা সাড়ে আট মণ স্ট্রবেরি সংগ্রহ করেছেন।
উদ্যোক্তারা জানান, বর্তমানে প্রতি কেজি স্ট্রবেরি ৪০০ টাকা দরে পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে এ জমি থেকে প্রায় ১৫০ মণ স্ট্রবেরি সংগ্রহ করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। জমি ভাড়া, সার, বীজ, কীটনাশক ও শ্রমিক খরচ বাদ দিয়ে চলতি মৌসুমে প্রায় সাত থেকে আট লাখ টাকা লাভ হতে পারে।
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, বিরল এলাকায় স্ট্রবেরি চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ বছর স্থানীয় কৃষি অফিসের এসএসআইপি অ্যান্ড রেইনস প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের সার, কৃষি উপকরণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ নিয়মিত কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আফজাল হোসেন বলেন, আমদানি নির্ভরতা কমাতে দেশে বিদেশি ফলের উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষকরাও লাভবান হচ্ছেন। ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে এ জেলায় স্ট্রবেরি চাষ আরও বৃদ্ধি পাবে।
এগ্রিকেয়ার/ আরিফ
























