
সুন্দরগঞ্জ প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: সুস্থ ও স্বাভাবিক গাভী বাচ্চা প্রসবের পর দুধ দিয়ে থাকে। কিন্তু মাত্র দুই সপ্তাহ আগে জন্মানো একটি বকনা বাছুর দৈনিক ৫০০ থেকে ৭০০ গ্রাম দুধ দিচ্ছে শুনলে যে কারোর চোখ চড়কগাছ হওয়ার কথা।
হ্যাঁ, এমনি একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামে কৃষক আফছার আলীর খামারে। এমন আশ্চর্যজনক বাছুরকে একনজর দেখতে খামারে দিনভর ভিড় করছেন উৎসুক জনতা।
আফছার আলী বলেন, কৃষি কাজের পাশাপাশি ছয়টি গরু লালন-পালন করে স্ত্রী-সন্তানসহ পাঁচ সদস্যের সংসার চলে। গাভিটি প্রতিদিন ১২ থেকে ১৪ লিটার দুধ দিচ্ছে। এর সঙ্গে বাছুরের দুধ দেওয়ার বিষয়টি বেশ উৎসাহিত করছে।
জানা যায়, ৪০ দিন আগে ফ্রিজিয়ান জাতের একটি গাভী স্বাভাবিকভাবে বাছুরটি প্রসব করে । জন্মের ১৫ দিন পর বাছুরটির ওলান অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া লক্ষ্য করা যায়। পরবর্তীতে বাছুটির দুধ দোহন করা শুরু করলে দুধ বের হতে থাকে। বাছুরটি প্রতিদিন ৫০০ থেকে ৭৫০ মিলিলিটার দুধ দিচ্ছে বলে জানিয়েছেন খামারি ।
সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম বলেন, হরমোনজনিত কারণে এমনটা হতে পারে। এ ধরনের ঘটনা সচরাচর ঘটে না। রঙ-স্বাদ ও গুণগত মান ঠিক থাকলে যে কেউ দুধ পান করতে পারবেন।
এগ্রিকেয়ার/এমএইচ
























