
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। সেই সঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
আজ বুধবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূ্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, এই অবস্থায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পড়তে পারেন: পাট জাগে পুকুর ভাড়া, বিঘায় গুণতে হচ্ছে দেড় হাজার!
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনী কক্সবাজার ১০৯ মিলিমিটার। আজ ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। ফলে বৃষ্টির সম্ভবনা বেশি রয়েছে। আজ শ্রীমঙ্গল, ঢাকা, নেত্রকোনায় বৃষ্টি হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল সীতাকুন্ড ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদী ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ।
এগ্রিকেয়ার/এমএইচ
























