
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের ৪ অঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। সেইসাথে শৈত্যপ্রবাহ বিকেল নাগাদ কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: আবুল কালাম মল্লিক জানান, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.০৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফ ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৫ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























