ড. মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী, সিনিয়র সহকারী পরিচালক (হর্টিকালচার ক্রপ ডিজিজ), নাটা, গাজীপুর: জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুর এ গত ০৪ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে ‘IoT based Soilless Cultivation and Vertical Farming’ শীর্ষক স্মার্ট কৃষি ইনোভেটিভ উদ্যোগের শুভ উদ্বোধন করেন নাটার সম্মানিত মহাপরিচালক মো: শামীম আশরাফ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাটার পরিচালক (প্রশাসন) মো. আব্দুর রহিম স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটার উপপরিচলক (পরিকল্পনা ও প্রকাশনা) নিলুফা আক্তার এবং উপপরিচলক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো. হুজ্জাতুল ইসলাম।

উদ্বোধনের শুরুতে IoT কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন নাটার সিনিয়র সহকারী পরিচালক ড. মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী। উদ্বোধন অনুষ্ঠানে নাটার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে মাটিবিহীন চাষবাদ করা হবে, যেখানে ইন্টারনেট অব থিংকস (আইওটি) এর মাধ্যমে পানি ও পুষ্টি উপাদান সরবরাহ করা হবে।

উদ্যোগের আওতায় সম্পূর্ণ কোকোডাস্ট দিয়ে টমেটো, ক্যাপসিকাম ও স্ট্রবেরি চাষ করা হবে। নির্দিষ্ট সময় পর পর যন্ত্র নিজে নিজেই চালু হবে এবং পরিমাণমতো পুষ্টি উপাদান সরবরাহ করবে। পৃথিবীর যেকোন জায়গা থেকে মোবাইল এ্যাপের মাধ্যমে পুষ্টি উপাদান সরবরাহ করা যাবে। স্মার্ট কৃষি বিষয়ে ইনোভেশন উদ্যোগটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।