
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে মিললো ১০টি ইলিশ। পুকুরে ইলিশের বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইলিশগুলো দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষ।
চরফলকন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) আনোয়ার হোসেন বলেন, লোকজন পুকুরে জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ ধরছিলেন। এসময় অন্যান্য মাছের সঙ্গে ১০টি ইলিশ দেখতে পান। ইলিশগুলোর আকার ৬-৭ ইঞ্চি। পুকুরে আরও ইলিশ থাকতে পারে বলে জানান তিনি।
পুকুরে ইলিশের উপস্থিতি বিষয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, পুকুরে ইলিশ চাষ হয় বিষয়টি এমন নয়। বর্ষা মৌসুমে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে এখানকার পুকুরগুলো পানিতে ডুবে যায়। এতে নদী থেকে আসা লবণাক্ত পানির সঙ্গে ইলিশ ঢুকে পড়ে। তখন জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো পুকুরে আটকা পড়েছিল। এতে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ইলিশও ধরা পড়ে।
উল্লেখ্য, গত বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদের পাশে একটি পুকুরে এসব ইলিশ ধরা পড়ে।
এগ্রিকেয়ার/এমএইচ
























