নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আলীপুর গ্রামে এক মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে খামারির এতে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

গতকাল রবিবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আলীপুর গ্রামের খামার মালিক মো. সাইফুল ইসলাম তার বসত ঘরের তিন তলায় ছাদে মুরগির খামারটি গড়ে তোলেন। রবিবার ভোর পাঁচটার দিকে খামারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা চারশ থেকে পাঁচশ গ্রাম ওজনের এক হাজার মুরগির ছানাসহ মজুতকৃত মুরগির খাবার ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুইটি দল ঘটনাস্থলে আসলেও আগুন নেভানোর আগেই খামারের জীবন্ত মুরগির ছানা, খাবার, মালামাল সহ সব পুড়ে ছাই হয়ে যায়।

আরোও পড়ুন: পোল্ট্রি খামারের দুর্গন্ধ দূর করার গবেষণা উদ্ভাবন ও কৌশল

এদিকে ক্ষতিগ্রস্ত খামার মালিক মো. সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কোন কারণ আমার জানা নেই। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে এ ব্যবসা শুরু করেছিলাম। অগ্নিকাণ্ডে আমার ৩ লাখ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার মো. সাদেক হাসান বলেন, আমরা ত্রিফল নাইনে কল পেয়ে দ্রুত দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যায়। ততক্ষণে খামারটি আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এগ্রিকেয়ার/এমএইচ