নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রমজানের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল পোল্ট্রি মুরগির বাজার। মাঝে সামান্য উত্থান-পতন হলেও ঈদের আগে মুরগির খাঁচায় ছড়ায় আগুনের উত্তাপ।

তবে ঈদের রেশ কাটতে না কাটতেই এবার মিলল স্বস্তির খবর। রাজধানীর সর্ববৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারে একদিনের ব্যবধানে পোল্ট্রি মুরগির দাম কমেছে কেজি প্রতি ৩০ টাকা।

আজ বুধবারের বাজারচিত্র বলছে, প্রতি কেজি পোল্ট্রি মুরগি এখন বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। অথচ মাত্র ২৪ ঘণ্টা আগে অর্থাৎ মঙ্গলবারও এই দাম ছিল ২২০ টাকা। দীর্ঘ ২০ দিন পর দামের এই বড় পতনে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মনে।

তবে পোল্ট্রি মুরগির দাম কিছুটা কমলেও এখনো চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য জাতের মুরগি। বর্তমানে বাজারে সোনালী বা পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকায়। এছাড়া লেয়ার ৩২০ এবং দেশি মুরগি মিলছে ৭৫০ টাকা কেজি দরে।

হুট করে কেন এই দামের পতন? এর কারণ হিসেবে পর্যাপ্ত সরবরাহের কথা বলছেন ব্যবসায়ীরা।

তারা জানান, ঈদের সময় পরিবহন সংকটের কারণে অনেক খামারি সময়মতো মুরগি পাঠাতে পারেননি। বাড়তি ট্রাক ভাড়ার ভয়ে অনেকে বিক্রিও সাময়িক বন্ধ রেখেছিলেন। এখন সেই জমে থাকা মুরগি একসঙ্গে বাজারে আসায় বেড়েছে আমদানি, আর তাতেই কমেছে দাম।

বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, সরবরাহ এমন স্বাভাবিক থাকলে সামনের দিনগুলোতে দাম আরও কমতে পারে। তবে আপাতত কেজিতে ৩০ টাকার এই ছাড়কেই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন মধ্যবিত্ত ভোক্তারা।