ডেস্ক রিপোর্ট : ধান-আলু ও সবজিতে বাম্পার ফলনের পর ভুট্টার আবাদে ঝুঁকে পড়েছেন বগুড়ার কৃষক। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় চলতি মৌসুমে তিন হাজার হেক্টর বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে, বাজারে ভুট্টার চাহিদা ও দাম বেশি হওয়ার কারণে চাষিরাও ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। জানা গেছে, প্রতি বছর জেলার বিভিন্ন উপজেলায় কম-বেশি ভুট্টার আবাদ হয়ে থাকে।

তবে চলতি বছরে ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। বগুড়া সদর, সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, শেরপুর, নন্দীগ্রাম, শিবগঞ্জ, কাহালু, আদমদীঘি, দুপচাঁচিয়া, শাজাহানপুর উপজেলায় ভুট্টার চাষ করা হয়েছে। এর মধ্যে সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার যমুনা ও বাঙালি নদীর চরে শত শত একর জমিতে এবার ভুট্টা চাষ করা হয়েছে।

কম খরচে অধিক লাভ হওয়ায় উপজেলাগুলোতে ভুট্টার চাষ ব্যাপক হারে বেড়েছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, প্রায় দুই যুগ আগে জেলায় ভুট্টার আবাদ হতো মাত্র ২ হাজার ১৬৪ হেক্টর জমিতে। পর্যায়ক্রমে চাষ বেড়েই চলেছে। বাজারে ভুট্টার চাহিদা ও ব্যবহার বেড়ে যাওয়ায় এখন ভুট্টার চাষ বেড়েছে চার গুণ।বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের কৃষক মুছা মণ্ডল জানান, এ বছর তিনি সাড়ে ৪ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। মাড়াই শুরু করার পর প্রতি বিঘায় ৩৫ মণের ওপরে ভুট্টা পাবেন। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান জানান, ভুট্টা চাষ লাভ জনক। পরিশ্রম কম ও উৎপাদন খরচও কম। তাই কৃষকরা কম খরচে বেশি লাভবান হওয়া ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন