
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে মাছ শিকারি রঞ্জন চৌধুরী নামে একজন বড়শিতে ধরা পড়েছে ১০৫ কেজি ওজনের বাঘাইড় মাছ।
ধুনট উপজেলার আওলাকান্দি যমুনা নদীর ঘাটে বড় মাছটির দেখা মিললে মানুষ ভিড় করে এক নজর দেখতে।
মঙ্গলবার বিকালে ঘটনাটি ছড়িয়ে পড়ে। পরে বড় মাছটি গ্রামবাসী ৭৫০ গ্রাম করে ভাগ-বাটোয়ারা করে নেন। প্রতি ভাগে একহাজার টাকা করে সোয়া লাখ টাকা পেয়েছেন মাছ শিকারি রঞ্জন চৌধুরী।
বুধবার দুপুরে রঞ্জন চৌধুরী জানান, আওলাকান্দি ঘাট এলাকায় যমুনা নদীতে বড়শি ফেলা হয়। ধরা পড়ে ১০৫ কেজি ওজনের বাঘাইড় মাছ। ওজনের ভারে মাছটি হাতের কাছে নেওয়া ছিল কষ্টসাধ্য। কয়েকজনের সহযোগিতায় উপরে তুলে আনা হয়। নদী থেকে মাছটি তুলতে গিয়ে আঘাত পেয়েছি। ধরতে পেরে আমি খুবই আনন্দিত।
স্থানীয়রা জানায়, বিরল প্রজাতির মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এসে ভিড় জমায়। এলাকার অনেকে জীবনে প্রথমবার এত বড় বাঘাইর মাছ দেখেছেন বলে মন্তব্য করেছেন।
স্থানীয় চিকিৎসক রেজাউল করিম মন্ডল জানান, এর আগে এই এলাকার যমুনা নদীতে এতবড় মাছ ধরা পড়ার ঘটনা শোনা যায়নি। বড় বাঘাইড় মাছ খুব কম দেখা মেলে।
এগ্রিকেয়ার/ আরিফ
























