নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ থেকে তাজা ফল ও সবজি, হিমায়িত এবং প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির ক্ষেত্রে নিরাপদ খাদ্যের আন্তর্জাতিক মান মেনে চলায় সহায়তা দিতে ‘ইজি এক্সপোর্ট সিরিজ’ প্রকাশ করবে ইউএসএআইডি ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটি।

ইজি এক্সপোর্ট সিরিজ মুলতঃ বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে তাজা ফল ও সবজি, হিমায়িত খাবার এবং প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপদ খাদ্যের আন্তর্জাতিক মান সম্পর্কিত তথ্যের সহজ সংকলন। মঙ্গলবার (১৫ মার্চ) হোটেল আমারি ঢাকায় এই সিরিজের প্রথম সংস্করণের প্রোটোটইপ প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রতি তিন মাস পর পর এই সিরিজের মডিউলগুলি প্রকাশিত হবে। সিরিজের প্রথম মডিউলে থাকছে তাজা ফল ও সবজি রপ্তানির জন্য নিরাপদ খাদ্য বিষয়ে বাংলাদেশের নিয়মকানুন।

দ্বিতীয় মডিউলটি তাজা ফল এবং শাকসবজি রপ্তানির জন্য ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ খাদ্যসম্পর্কিত বিধি বিধান, তৃতীয় মডিউলটি বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণের জন্য আন্তর্জাতিক খাদ্য সুরক্ষা নীতিমালা এবং চতুর্থ মডিউলটি খাদ্য শৃঙ্খলের উৎস সণাক্তকরণ বিষয়ে সংকলন করা হয়েছে।

তারা বলেন, প্রথম মডিউলটি এ মাসের শেষে প্রকাশিত হবে। ইজি এক্সপোর্ট সিরিজ প্রকাশের পর সংশ্লিষ্টদের কাছে পৌছে দেয়ার জন্য ইউএসএআইডি ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটি স্থানীয় ব্যাবসায়ি ও বিভিন্ন আন্তর্জাতিক পার্টনারদের সাথে কাজ করছে।

আরও পড়ুন: কৃষির আধুনিকায়নে ১২ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

উল্লেখ্য, ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইম্প্রুভিং ট্রেড অ্যান্ড বিজনেস এনাব্লিং এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটি (ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটি) আমেরিকান দাতা সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত পাঁচ বছর মেয়াদি প্রকল্প, যা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং অর্থনৈতিক লক্ষ্য অর্জনে কাজ করে।

এই প্রকল্পটি বাংলাদেশ সরকার এবং প্রাইভেট সেক্টরের প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণে কাজ করছে। বাংলাদেশি কৃষিজ পণ্য রপ্তানিকারকদের জন্য প্রকাশিত হচ্ছে ‘ইজি এক্সপোর্ট সিরিজ’ শিরোনামের সংবাদটির তথ্য ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটির সিনিয়ার কমিউনিকেশন্স স্পেশালিস্ট এডব্লিউ এম আনিসুজ্জামান নিশ্চিত করেছেন।