জেলা প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকার ৭টি অবৈধ ড্রাম চিমনি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসনের সহায়তায় বুধবার (১ ফেবুয়ারি) দিনভর এই অভিযান চলায় জেলা পরিবেশ অধিদপ্তর।

যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম আবু সুফিয়ান। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কবির হোসেন।

কবির হোসেন জানান, বাগমারার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ড্রাম চিমনি ইট ভাটা চলছিল। বুধবার যৌথ অভিযান চালিয়ে ৭টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্হাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) ধারায় মোট ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপ পরিচালক মাহমুদা পারভীনের নির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে জনস্বার্থে এই অভিযান চলবে।

এগ্রিকেয়ার/এমএইচ