ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকাসহ সারাদেশে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “সক্রিয় মৌসুমী বায়ুর কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থা অন্তত ১১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।”
মৌসুমী বায়ু বিদায় নেওয়ার বিষয়ে তিনি বলেন, “আগামী ১৪ অক্টোবরের দিকে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করতে পারে।”
আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে।
এর প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আগামী ১২ অক্টোবর পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে। এছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় ৭২ মিলিমিটার, ময়মনসিংহে ৬০ মিলিমিটার, মোংলায় ৪০ মিলিমিটার এবং রাজধানী ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।