নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেশি দামে ডিম ও মুরগি বিক্রি করায় কয়েকটি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এতে র‌্যাব-৯-এর সদস্যরা সহযোগিতা করেন। শ্রীমঙ্গল পৌর এলাকার নতুনবাজার, পোস্ট অফিস রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। ভাউচার না দেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধের কারণে তাদের জরিমানা করা হয়েছে।

পড়তে পারেন: ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, জানা গেলো কারণ

অভিযানে অতিরিক্ত দামে ডিম ও মুরগি বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। পরে নতুনবাজারে অবস্থিত সিজন ব্রয়লার হাউজকে এক হাজার ৫০০, মেসার্স বেনুপাল ডিমের দোকানকে চার হাজার, সালাম ডিমের আড়তকে চার হাজার, পোস্ট অফিস রোডে অবস্থিত নিশান ব্রয়লার হাউজকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

মৌলভীবাজারের ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে মোট চারটি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ