ঘূর্ণিঝড় ইয়াস-এর অবস্থানের সবশেষ স্যাটেলাইট চিত্র

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঘূর্ণিঝড় “ইয়াস” বাংলাদেশে আঘাত হানার যেটুকু সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কমে গেছে। সেইসাথে বাংলাদেশ থেকে সরে গেছে ঘূর্ণিঝড় “ইয়াস”। এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক কাওসার পারভীন।

আজ মঙ্গলবার (২৫ মে ২০২১) সকালে এগ্রিকেয়ার২৪.কমকে এসব তথ্য জানান আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক কাওসার পারভীন।ঘূর্ণিঝড় ইয়াসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগে বাংলাদেশে আঘাত হানার যেটুকু সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাও কিছুটা কমে গেল। এখন যে দিকটি দেখা যাচ্ছে সেটা পশ্চিম দিকে অর্থ্যাৎ ভারতের দিকে।

“এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের পুরো গতিপথ ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে। উপকূলে আসার পর ভারতের দিকে যাওয়ার পথে বাংলাদেশের খুলনা এবং সাতক্ষীরা উপকূলে কিছু বৃষ্টিপাত হবে,” বলেন আবহাওয়াবিদ মি. রুহুল কুদ্দুস।

মঙ্গলবার সকাল ছয়টায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৫২০ কিলোমিটার, মংলা সমুদ্র বন্দর থেকে ৫১৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। ঝড়ো হাওয়ার আকারে এর গতি ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ আবহাওয়াবিদ বলেন, কেন্দ্রে ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি. হতে পারে। ঘূর্ণিঝড়টি অতিক্রম করার সময় পূর্ণিমা থাকলে সাগরের পানির উচ্চতা বাড়বে। কিন্তু বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে কাল (বুধবার) ভোর ৬টা নাগাদ আঘাত হানার সম্ভাবনা এখনও আছে।

আবহাওয়া অফিসের সর্বশেষ (৯ নং) বিশেষ বিজ্ঞপ্তিতে দেখা যায়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে গতিও বেড়েছে। গতকাল (সোমবার) রাত থেকে আজ সকাল পর্যন্ত ঘণ্টায় ২৯ কিমি. ঝোড়ো হাওয়ার গতি বেড়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বর্তমানে প্রায় একই এলাকায় (১৭ দশমিক ৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ