
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ৬২ কেজির একটি বাঘাইড় ধরা পড়েছে। স্থানীয় এক জেলের বড়শিতে বৃহস্পতিবার মাছটি ধরা পড়ে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেট এলাকায় আনা হলে হানিফ আলী নামে এক ব্যক্তি মাছটি কিনে নেন।
হানিফ আলী জানান, তার বাড়ি নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকায়। মাছটি তিনি স্থানীয় এক জেলের কাছ থেকে কিনেছেন। আজ শুক্রবার নাগেশ্বরী পৌর বাজারে মাছটি কেটে ১৬০০ টাকা কেজি দরে বিক্রি করতে চান। তবে বড়শিতে মাছ শিকারি জেলের নাম জানা নেই তার এবং কত টাকায় মাছটি কিনেছেন তা জানাতে রাজি হননি তিনি।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই লাভবান হচ্ছেন।
এগ্রিকেয়ার/এমএইচ
























