ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ভারত গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম সারিতে রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ৮০৯ জন। সেইসাথে একদিনে মৃত্যু ১১০০ ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মারা গেছে ১ হাজার ১৩৩ জন। সংক্রমণ হারও কমে ৭ শতাংশের নীচে নেমেছে। সংক্রমণের সংখ্যার নিরিখে ব্রাজিলকে টপকে ইতিমধ্যেই বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।

কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৫ হাজার ৮০৯ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৫ হাজার ৮৪ ও ৬৭ হাজার ৯২ জন। গত কয়েক দিনের তুলনায় দৈনিক সংক্রমণ কমলেও বিশ্বের অন্য দেশগুলির তুলনায় এ ব্যাপারে এগিয়ে ভারত।

দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪২ লক্ষ ৮০ হাজার ৪২২ জন। প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৬৩ লক্ষ ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৪১ লক্ষ ৪৭ হাজার।

মৃত্যুর সংখ্যায় স্পেন, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, মেক্সিকোর মতো দেশকে ভারত পিছনে ফেলে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত। তবে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে মোট মৃত্যু অনেক কম। পাশাপাশি ওই দেশগুলির তুলনায় ভারতে মৃত্যুর হারও অনেকটাই কম।

যদিও বিগত কয়েক দিন ধরেই দৈনিক মৃত্যুর সংখ্যায় অন্যান্য দেশকে পিছনে ফেলছে ভারত।ভারতে একদিনে মৃত্যু ১১০০ ছাড়িয়ে শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ