
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ ভারতের পশ্চিম তামিলনাড়ু উপকূল এলাকায় অবস্থান করছে। সেইসাথে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরক হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ এগ্রিকেয়ার২৪.কমকে এ তথ্য জানান।
আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়,দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় “মানদৌস” পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিনত হয় এবং বর্তমানে এটি তামিলনাড়ুও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ দূর্বল হয়ে যেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাস অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে না করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় (মানদৌস) কারণে বাংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছিল তা নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৪%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১২ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৩১ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























