আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে রেকর্ড পরিমাণ জমিতে চাষ হচ্ছে র‍্যাপসিড। এমনকি চলতি মৌসুমে দেশটিতে র‍্যাপসিড উৎপাদন সর্বোচ্চে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) বৈদেশিক কৃষি পরিষেবার দেয়া এক প্রতিবেদন।

অভ্যন্তরীণ বাজারে উচ্চমূল্য, রেকর্ড পরিমাণ জমিতে চাষ ও অনুকূল আবহাওয়া র‍্যাপসিড উৎপাদনে এমন ইতিবাচক পরিস্থিতি তৈরি করবে বলে মনে করা হচ্ছে। ২০২১-২২ মৌসুমে দেশটির র‍্যাপসিড উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১ কোটি ৮ লাখ টন।

পড়তে পারেন: নতুন ফসল চিয়ার কেজি ৫’শ টাকা, ভাগ্য বদলাচ্ছে কৃষকের!

২০২০-২১ মৌসুমে ভারতের উৎপাদিত মোট র‍্যাপসিডের পরিমাণ ছিল ৮৫ লাখ টন। এ সময় প্রায় ৮২ লাখ হেক্টরে র‍্যাপসিড বপন করা হয়েছিল। ২০২১ সালের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভারতের র‍্যাপসিড মিল রফতানির পরিমাণ ৬৬ শতাংশ কমে এসেছে। ২০২১ সালের ডিসেম্বরে দেশটির র‍্যাপসিড মিল রফতানির পরিমাণ এর আগের বছরের তুলনায় প্রায় ৯১ শতাংশ কমে এসেছিল বলে জানায় ইউএসডিএ।

ইউএসডিএ জানায়, ভারতের র‍্যাপসিড মিলের প্রধান ক্রেতাদের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ ও তাইওয়ান। র‍্যাপসিড মিলের রফতানিতে এমন তীব্র নেতিবাচক পরিস্থিতির কারণ হলো বছরের প্রথম দিকেই সরবরাহ অনেকাংশে পূর্ণ করা হয়েছিল, ফলে বছরের শেষ দিকে রফতানি প্রাপ্যতা প্রভাবিত হয়েছে। সংস্থাটি জানায়, ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন ফসল মাড়াই করা উচিত।

এগ্রিকেয়ার/এমএইচ