
প্রতিনিধি (নাটোর) গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুরের কৃষি সম্প্রসারণ অফিসার ও বালাইনাশক পরিদর্শক মোঃ মতিয়র রহমান বলেন, আগামী রবি মৌসুমে উপজেলাকে ভেজাল, নকল ও নিম্নমানের বালাইনাশক পণ্য মুক্ত রাখার লক্ষ্যে এবং বালাইনাশক সেক্টরে শৃঙ্খলা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। ভেজাল বালাইনাশকে কৃষক ক্ষতিগ্রস্ত হলেই ব্যবস্থা নেওয়া হবে বিক্রেতাদের বিরুদ্ধে।
গুরুদাসপুর উপজেলায় বালাইনাশক পণ্যের মান নিয়ন্ত্রণ ও নিরাপদ কৃষির বাস্তবায়নে বালাইনাশক বিক্রেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷
গতকাল রবিবার (২ অক্টোবর) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী রবি মৌসুমে নকল, ভেজাল ও নিম্নমানের বালাইনাশক প্রতিরোধের লক্ষ্যে উপজেলার খুচরা ও পাইকারি বালাইনাশক বিক্রেতা এবং বেশ কিছু কোম্পানি প্রতিনিধিবৃন্দদের নিয়ে এ সভা করা হয়।
বালাইনাশক পরিদর্শক মতিয়র রহমান বলেন, আগামী রবি মৌসুমে উপজেলাকে ভেজাল, নকল ও নিম্নমানের বালাইনাশক পণ্য মুক্ত রাখার লক্ষ্যে এবং বালাইনাশক সেক্টরে শৃঙ্খলা নিশ্চিত করতেই আমাদের এই প্রচেষ্টা। কৃষি সেক্টরের সকল পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টায় কৃষককে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য। একই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিরাপদ, টেকসই ও লাভজনক কৃষি রূপকল্প বাস্তবায়ন করা।
তিনি আরোও বলেন, পর্যায়ক্রমে উপজেলার প্রায় ২৬৫ জন খুচরা ও পাইকারী বালাইনাশক বিক্রেতাগণকে সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে কাজ করবে গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ভেজাল, নকল ও নিম্নমানের বালাইনাশক ব্যবসায়ীদের সতর্ক করে উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, কৃষি সেক্টরের সম্মুখ যোদ্ধা আমাদের সম্মানিত কৃষকগণ৷ তাদের অক্লান্ত পরিশ্রমেই আজ আমাদের কৃষি সেক্টর এতো সমৃদ্ধ। তারা প্রতারিত হোন কিংবা তারা ক্ষতিগ্রস্ত হোন এমন কোনো কাজ আমরা করতে দিবনা। তাই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ আব্দুল ওয়াদুদ জানান, গুরুদাসপুর উপজেলা খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। তাদের এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তাদের সার্বিক সহযোগিতায় আমরা পাশে আছি।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলার সম্মানিত উপপরিচালক জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রশিক্ষণ অফিসার ড. মোঃ ইয়াছিন আলী, উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ হারুনর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার সাবিয়া সুলতানা এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মুনসুর আলী৷
এগ্রিকেয়ার/এমএইচ
























