কৃষিবিদ মো. তৌফিক আরেফীন, এগ্রিকেয়ার২৪.কম: রেণু পোনা উৎপাদনে প্রাকৃতিক হরমোন হিসেবে পিটুইটারি গ্লান্ড (পিজি) ব্যবহৃত হয়। মাছের মাথা থেকে এই পিজি সংগ্রহ ও বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াজাত করা হয়। মাছের পোনা উৎপাদনে প্রাকৃতিক হরমোন (পিজি) ডোজ তৈরির পদ্ধতি সম্পর্কে জানব।

মাছের মাথা কেটে পিজি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের জন্য বাংলাদেশে একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে যশোরের ইউনাইটেড এগ্রো ফিশারিজ। যশোরের দুটি প্রতিষ্ঠান মাথাবিহীন মাছ রপ্তানি করে। তাদের কাছ থেকে মাথা সংগ্রহ করে পিজি বের করে সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি। এ ছাড়া জেলার বিভিন্ন বাজার থেকে একইভাবে প্রাকৃতিক এই হরমোন সংগ্রহ করে তারা। রপ্তানির পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলার হ্যাচারিতে এ হরমোনের পিজি পাঠায় ইউনাইটেড এগ্রো।

পড়তে পারেন: সিলভার কার্প মাছের রোগের লক্ষণ ও প্রতিকার

হ্যাচারির পুকুরে প্রজননের সময় মা ও পুরুষ মাছের দেহে নির্দিষ্ট মাত্রায় পিজি সিরিঞ্জের মাধ্যমে পুশ করা হয়। এতে মাছের দেহে উত্তেজনা আসে। এ সময় মাছের প্রজনন হয়। প্রাকৃতিক এ হরমোন ব্যবহারে মাছের জীবনচক্রে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না।

এক কেজি স্ত্রী ও ১ কেজি পুরুষ মাছের কৃত্রিম প্রজননের জন্য ইনজেকশন দিতে হবে। এক কেজি স্ত্রী মাছের জন্য ৭০ মিলি গ্রাম পিজি ৭ সিসি পানিতে মিশাতে হবে। সিরিঞ্জের প্রতি ১ সিসি তে ১০ দাগ আছে, সেই হিসাবে ১০০ গ্রাম মাছের জন্য ৭ মিলিগ্রাম=৭ দাগ পিজি প্রয়োগ করতে হবে। অনুরূপভাবে, ১ কেজি পুরুষ মাছের জন্য ৩০ মিলিগ্রাম পিজি প্রয়োজন। ৩০ মিলিগ্রাম পিজি ৩ সিসি পানিতে গুলতে হবে (প্রতি ১ সিসি=১০ দাগ)। ১০০ গ্রাম মাছের জন্য ৩ মিলিগ্রাম=৩ দাগ প্রয়োগ করতে হবে।

দেশের বেশির ভাগ হ্যাচারিতে এখনো সংগৃহীত পিজি রোদে শুকিয়ে মাছের দেহে ব্যবহার করা হয়। এতে গুণগত মান ঠিক থাকে না। মাছের উৎপাদন ব্যাহত হয়। যে কারণে ২০১৩ সাল থেকে বৈজ্ঞানিক উপায়ে পিজি প্রক্রিয়াজাত করার কাজ শুরু করে ইউনাইটেড এগ্রো।

পড়তে পারেন: মাছের ছত্রাকজনিত রোগের সমাধান

প্রাকৃতিক হরমোন ব্যবহারের পাশাপাশি চীন থেকে কৃত্রিম হরমোন আমদানি করে হ্যাচারিতে ব্যবহার করা হয়। তবে এতে মাছের পার্শ্বপ্রতিক্রিয়া হয়। মা মাছ মারা যাওয়ার ঝুঁকি থাকে। কিন্তু প্রাকৃতিক পিজি ব্যবহারে সে ঝুঁকি থাকে না।

মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক প্রশ্ন কৃষি কল সেন্টার হতে প্রাপ্ত তথ্যের সমাধান দিয়েছেন কৃষি তথ্য সার্ভিসের উপপ্রধান তথ্য অফিসার কৃষিবিদ মো. তৌফিক আরেফীন

এগ্রিকেয়ার/এমএইচ