নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: করোনা উদ্ভূত পরিস্থিতিতে আম, লিচু ও অন্যান্য মৌসুমী ফল বিপণন এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে আগামীকাল শনিবার (১৬ মে) সকালে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনা‌ইদ আহমেদ পলক উপস্থিত থাকবেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া।

বর্তমান সরকারের পরপর দুই মেয়াদে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বেগম মতিয়া চৌধুরী। বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে এসে দায়িত্ব পান ড. মো. আবদুর রাজ্জাক। এরপর দীর্ঘদিন ধরেই কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আছেন বেগম মতিয়া চৌধুরী।

আগামীকালের মতবিনিময় সভায় নওগাঁর সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, দিনাজপুরের সংসদ সদস্য ইকবালুর রহিম এবং সাতক্ষীরার সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সংযুক্ত থাকার কথা রয়েছে। সভাটি সঞ্চালনা করবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান।

দেশের ফলমূল বিতরণ এবং বিপণন ব্যবস্থাপনায় নানা ধরনের অসঙ্গতি রয়েছে। সভায় সেগুলো উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এসভায় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধান, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর ও সাতক্ষীরার জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, দেশের শাকসবজি ও ফলমূল রফতানিকারক সমিতি, সুপারশপ মালিক সমিতির নেতারাও যুক্ত থাকবেন।

পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, সাতক্ষীরা, ঢাকা ও চট্টগ্রামের আম, লিচুসহ অন্যান্য ফল চাষি, সফল কৃষক, ব্যবসায়ী ও আড়তদার এবং সংশ্লিষ্ট সমিতির প্রতিনিধিরা সংযুক্ত থাকবেন বলে জানা গেছে।