নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: অপরিপক্ব আম বাজারে আনা ঠেকাতে বিভিন্ন জাতের আম বাজারজাত করার তারিখ বেঁধে দেয় জেলা প্রশাসন। নির্দেশনা মোতাবেক ২০ মে গোপালভোগ ও ২৮ মে হিমসাগর আম বাজারজাত করতে পারবেন চাষিরা। কিন্তু, বাজারজাতকরণের তারিখ পার হলেও রাজশাহীর বাজারে দেখা নেই গোপালভোগ ও হিমসাগর আমের। এমনকি বাজারে খুব বেশি নেই অন্য জাতের আমও।

রাজশাহীর  চারঘাট ও বাঘাতেই রাজশাহীর সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর‌।

‘দেখে আসেন, বাজারে গোপাল কিংবা খিরসাপাত একটা আমও খুঁজে পাবেন না’। শুক্রবার সকালে গোপালভোগ আমের খোঁজ নিতে চাইলে এ কথা বললেন চারঘাট সদরের আম ব্যবসায়ী শাহীন আলী।

চারঘাট উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেল, আমের দোকানে বিক্রি হচ্ছে পেয়ারা, লিচু, ডাবসহ নানা ফলমূল। আমের মৌসুম ছাড়া এখানে পাইকারি বিক্রেতারা অন্যান্য ফল বিক্রি করে থাকে।

সেখানে দাঁড়িয়ে থাকা আমের ফড়িয়া বিক্রেতারা বলেন, ‘আমরা তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছি “গোপাল” ও “খিরসাপাত” এর জন্য। কিন্তু কারও দেখা নেই। আমাদের কর্মও শুরু করতে পারছি না।’

এখানকার আম ব্যবসায়ীরা গোপালভোগ আমকে সংক্ষেপে ‘গোপাল’ বলে থাকেন এবং হিমসাগর আমকে “খিরসাপাত”।

আমের সময় এসব উপজেলার স্থানীয় আড়ত ও বাজারগুলোতে বিক্রি হয় কাঁচা পাকা আম। চারঘাটে তাই অপেক্ষা করা হলো সকাল থেকে বিকেল পর্যন্ত। কিন্তু বাজারে কোনো আমের দেখা নেই। চারঘাট উপজেলার পরানপুর গ্রামের আড়তদার শরীফুল ইসলাম বলেন, ‘জুনের প্রথম সপ্তাহের পরে আমের বাজার জমবে।

করোনা আতঙ্কের কারনে আম ব্যবসায়ীরা তেমনভাবে আম কেনা শুরু করেনি। যেহেতু কয়েকদিনের মধ্যে সল্প পরিসরে গাড়ি ও ট্রেন চালবে,তাতে আমের বাজারও একটু জমবে। একই কথা জানালেন আরো কয়েকটি আড়তদার’।

তবে ভায়ালক্ষীপুর ইউনিয়নের বাঁকড়া বাজারের আমের আড়তদার বাচ্চু আলী বললেন, ‘আমার আড়তে দুজন ব্যাপার এসেছেন। তাঁরা গোপালভোগ আম চাইছেন। কয়েকজন বাগানওয়ালাকে বলেছি, আগামী সপ্তাহে আম নিয়ে আসবে।

আগামী সপ্তাহে বাজারে গোপালভোগ দেখতে পাবেন।’কয়েকজন আম ব্যবসায়ী ও চাষি জানান, চারঘাট-বাঘার আম এবার ‘নামলা’। অর্থাৎ, কিছুটা দেরিতে পাকবে। কারণ, এবার মুকুল এসেছে কিছুটা দেরিতে।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মুনজুর রহমান এগ্রিকয়ার২৪.কম কে বলেন, এপ্রিল ও মে মাসের ১০-১২ দিন আকাশ ছিল মেঘলা। তাপমাত্রাও ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আম ঠিকমতো রোদ পায়নি। এ জন্য আম পাকতে এক সপ্তাহ দেরি হচ্ছে। গাছে মুকুলও এসেছিল একটু দেরিতে। তবে সপ্তাহ খানেক সময়ের মধ্যে গোপালভোগ ও হিমসাগর আম বাজারে আসবে।