
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: গরম ভাতের সঙ্গে মাছের ভর্তা খেতে অসাধারণ লাগে। একই রেসিপিতে যেকোনো বড় মাছের ভর্তাও বানিয়ে ফেলতে পারেন। চলুন জেনে নেয়া যাক মাছের ভর্তা তৈরির রেসিপি।
উপকরণ
যেকোনো বড় মাছ- ২ টুকরা
তেল- প্রয়োজন মতো
শুকনা মরিচ- কয়েকটি
লবণ- স্বাদমতো
মরিচের গুঁড়া- স্বাদমতো
হলুদের গুঁড়া – সামান্য
পেঁয়াজ- ৪টি (মোটা কুচি)
রসুন- ১টি
আদা- ১ ইঞ্চি
সরিষার তেল- ২ চা চামচ
ধনেপাতা কুচি- সামান্য
প্রণালি
একটি প্লেটে আধা চা চামচ লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া ও ১ চিমটি হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। যেকোনও বড় মাছের দুটি টুকরা মসলায় মেখে নিন। ভর্তার জন্য সবসময় মাছের পিঠের অংশ নেবেন। মাছ মসলায় ম্যারিনেট করে রাখুন কিছুক্ষণ।
প্যানে তেল দিয়ে গরম হলে মাছ দিয়ে ভালো করে ভেজে নিন। ভাজা মাছ থেকে কাঁটা বেছে নিন। একই প্যানে তেল গরম করে শুকনা মরিচ ভেজে নিন। মরিচ ভাজা হলে উঠিয়ে একই প্যানে দিয়ে দিন মোটা করে কাটা পেঁয়াজ। রসুনের একটি কোয়া রেখে বাকি কোয়া কুচি করে দিয়ে দিন পেঁয়াজের মধ্যে। নাড়তে থাকুন। কিছুটা ভাজা ভাজা হলে আদা কুচি দিন। সব উপকরণ নেড়েচেড়ে ভেজে নিন মাঝারি আঁচে।
কাঁটা বেছে রাখা মাছ দিয়ে দিন প্যানে। নাড়ার সময় মাছ ভেঙে দেবেন। কিছুক্ষণ পর সরিষার তেল দিন। ভাজা ভাজা হলে নামিয়ে ফেলুন। প্লেটে লবণ দিয়ে ভেজে রাখা শুকনা মরিচ ডলে নিন। রেখে দেওয়া রসুনের কোয়া কুচি ও সামান্য আদা কুচি দিন। সরিষার তেল দিয়ে সবকিছু মেখে নিন। চুলা থেকে নামানো ভাজা মাছ দিয়ে মেখে নিন। ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।
























