
আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় প্রথমবারের মত বঙ্গবন্ধু ধান ব্রি-১০০ নামের নতুন বৈশিষ্ট্যপূর্ণ প্রজাতির ধান চাষ হয়েছে।
চাষ করে সফলতা পেয়েছেন উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের চাষী ইউনুচ আলী মোল্লা । বিঘা প্রতি তিনি ২৩ মণ ধান পেয়েছেন। তার সফলতায় স্থানীয়দের মাঝে এ প্রজাতির ধান চাষে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ধান গবেষনা ইনইস্টিটিউট নতুন প্রজাতির এ ধান বীজ উদ্ধাবন করেন। প্রায় ১০ বছর ধরে প্রচেষ্টা চালানোর পর তারা মানব দেহের জন্য বিশেষ উপকারী জিঙ্ক, প্রোটিন ও এমাইলেজ গঠনে সহায়তাকারী এ জাতীয় বীজের উদ্ধাবন করতে সক্ষম হন। পরে তা জাতির জনকের নামে উৎসর্গ করা হয়।
শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন বলেন, প্রথমবারের মতো বঙ্গবন্ধু ধান ব্রি-১০০ নতুন জাতের ধান চাষ করে আশানুরুপ ফলন পেয়েছেন উপজেলার খুড়িয়াখালী গ্রামের চাষী মোঃ ইউনুস আলী মোল্লা । তাকে স্থানীয় কৃষি অফিস থেকে ৫ কেজি বঙ্গবন্ধু ধানের বীজ ও সার সরবরাহ করা হয় । ৮০ শতাংশ জমিতে এ ধানের বীজ রোপন করে ৫০ মণ ধান পেয়েছেন তিনি।
মানব দেহের জন্য বিশেষ উপকারী জিঙ্ক , এমাইলেজ রয়েছে এ ধানের চালে। রোপনের পর ১৪৫ দিনের মাথায় ধান কর্তন করা হয়েছে। বাম্পার ফলনের কারনে এই ধানের চাষে অন্যান্য চাষীদের মধ্যে সারা জাগিয়েছে। আগামীতে এ উপজেলায় বঙ্গবন্ধু ধানের ব্যাপক চাষের সম্ভাবনা দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী বলেন, এ উপজেলার চাষীদের নতুন নতুন চাষের মধ্যে আগ্রহ আছে । এ ব্যাপারে তাদের সব ধরনের সহায়তা দেয়া হবে । আগামী উন্নয়ন পরিকল্পনায় কৃষি খাত কে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি ।
এগ্রিকেয়ার/এমএইচ
























