ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাঠজুড়ে এখন শীতের আগাম সবজি শিমের সবুজ সমারোহ। ফুলে ফুলে রঙিন শিমের ক্ষেত। কৃষকরা এখন ব্যস্ত মাঠ পরিচর্যায়, আশায় বুক বেঁধেছেন ভালো ফলনের।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, উপজেলার ফসলি মাঠে এখন সবুজ শিমের দোলা। ফুল ও শিমে রঙিন হয়ে উঠেছে আবাদি জমি। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটছে তৃপ্তির হাসি। সবচেয়ে বেশি শিম চাষ হয়েছে চৌমুহনী, বহরা, শাহজাহানপুর, জগদীশপুর, নোয়াপাড়া ও ছাতিয়াইন ইউনিয়নে। এসব অঞ্চলের কৃষকরা আগাম জাতের শীতকালীন শিম আবাদে ঝুঁকেছেন। তবে এবার সার-কীটনাশকের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পাশাপাশি শ্রমিকের মজুরি বাড়ায় যাওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

দুই একর জমিতে আগাম জাতের শিমের চাষ করেছেন চৌমুহনী ইউনিয়নের কৃষক আজব আলী। তিনি জানান, গত বছর এক বস্তা মিশ্র সার কিনেছেন ১৪০০ টাকায়, আর এখন সেই একই সার কিনতে হচ্ছে দুই হাজার টাকায়। পাশাপাশি কীটনাশক, শ্রমিকের মজুরি– সবকিছুর দাম বেড়েছে। এক কানি জমিতে গত বছর যেখানে ২৩ হাজার টাকা খরচ হয়েছিল, এখন সেখানে খরচ হচ্ছে প্রায় ২৮ হাজার টাকা। বাজারে শিমের দাম না পেলে বড় ক্ষতির মুখে পড়বেন তিনি।

তেলিয়াপাড়া এলাকার কৃষক শের আলী বলেন, তাদের এলাকায় এখন প্রায় সবাই শীতকালীন সবজি চাষে ব্যস্ত। শিমের ফলনও ভালো হচ্ছে। কিন্তু খরচ এত বেড়ে গেছে যে, লাভ করতে হলে প্রতি কেজি শিমের দাম কমপক্ষে ৭০ টাকা হতে হবে। দাম না বাড়লে অনেক কৃষক হয়তো আগামী বছর সবজি চাষ ছেড়ে দেবেন।

এগ্রিকেয়ার/আরিফ