
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের ৯ অঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ জানান, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিন দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এ সময়ের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ড ও কক্সবাজারে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৫ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























