
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। সেইসাথে নদীবন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ জুন ২০২১) সকাল ৯ টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, “সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে । সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ ১৫ জুন সকাল ০৮ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় কক্সবাজার, বান্দরবন ও চট্টগ্রাম জেলাসমূহের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।”
দপ্তর আরো জানায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বৃষ্টিপাতের অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । এবং আগামী ৩ দিনের আবহাওয়ার বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফ অঞ্চলে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ১১ মিনিটে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সিনপটিক অবস্থায় : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমীয় বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিনাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যতম মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান।
এগ্রিকেয়ার/এমএইচ
























