নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে উপকূল এলাকায় ঝড় বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দরসমূহে ১ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ প্রেক্ষিতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবহাওয়া অফিস।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, পূর্বমধ্য বঙ্গোসাগর ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসগার এলাকায় অবস্থান করা নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সকাল ৯টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৮০ কি.মি. দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৪৫০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪০৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাসাতের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।এ প্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়া সারাদেশে মেঘলা আকাশের সাথে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা আছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা আছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় খুব বেশি বৃদ্ধি না পেলেও বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ ও মাঝেমধ্যে চিটেফোঁটা বা সামান্য বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আগামী দুইদিনের বৃষ্টিপাতের পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ