
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গত সাড়ে চার বছরেও চালু হয়নি যশোর জেলার মনিরামপুর উপজেলার দুটি ইউনিয়নের ২টি কৃষি বিপণনকেন্দ্র। এলাকাবাসী ও কৃষকেরা বলছেন, উপজেলা কৃষি অফিসের আন্তরিকতার ঘাটতি রয়েছে। সেইসাথে রাজনৈতিক বিবেচনায় বিপণনকেন্দ্র দুটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তাদের।
কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্র কিছুটা হলেও দেশের কয়েকটি জেলায় এটি দারুণ সুফল দিয়েছে। কিন্তু গত সাড়ে চার বছরেও চালু হয়নি যশোরের এই দুটো কৃষি বিপণনকেন্দ্র।
জানা গেছে, উপজেলার ভোজগাতী ইউনিয়নের কন্দর্পপুর ও খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় বিপণনকেন্দ্র দুটি তৈরি করা হয়। ২০১৭ সালে উদ্বোধনের পর সেগুলো পরিচালনার জন্য স্থানীয় কৃষকদের নিয়ে দুটি কৃষি বিপণন সংঘও করে দেওয়া হয়। এরপরও কেন্দ্র দুটি চালুর ব্যাপারে দেখা দেয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও অনুসন্ধানে জানা গেছে, কোনো ধরনের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা যাচাই না করে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় স্থানীয় প্রতিনিধিদের ইচ্ছায় বিপণনকেন্দ্র দুটি সেখানে নির্মাণ করা হয়েছে। বাজারসংলগ্ন না হওয়ায় কৃষকেরা তাঁদের পণ্য নিয়ে বিপণনকেন্দ্রে যেতে চান না।
এ ছাড়া উদ্বোধনের এত বছর পরও সেখানে ডিজিটাল ওজন মাপার যন্ত্র, প্লাস্টিকের ঝুড়িসহ অন্য আনুষঙ্গিক জিনিসপত্র ছিল না, মাত্র কয়েক দিন আগে সেগুলো সরবরাহ করা হয়েছে। এমনকি বিপণনকেন্দ্র চালানো ও এর রক্ষণাবেক্ষণ নিয়েও কৃষকদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। অথচ একই সময়ে চালু হওয়া জেলার ঝিকরগাছা উপজেলার দুটি কৃষি বিপণনকেন্দ্র থেকে দারুণ সুফল ভোগ করছেন স্থানীয় কৃষকেরা। সেখানে করোনা মহামারির মধ্যেও গত পাঁচ মাসে প্রায় কোটি টাকার কৃষিপণ্য বিক্রি হয়েছে।
মনিরামপুরের এ দুটি বিপণনকেন্দ্র থেকে কোনো সুফলই পাচ্ছেন না কৃষকেরা। অথচ সরকারি প্রকল্পের সহযোগিতায় প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে সেগুলো নির্মাণ করা হয়। কৃষকের উপকারে আসে না, এমন বিপণনকেন্দ্র নির্মাণ করে কী লাভ হলো? কেন সরকারি প্রকল্পের এতগুলো টাকা খরচ করা হলো? কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই করা ছাড়া এসব উন্নয়ন কর্মকাণ্ডের দায় কে নেবে?
যদিও উপজেলা কৃষি কর্মকর্তা হিরক চন্দ্র এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। উপজেলার ভোজগাতী ইউনিয়নের কন্দর্পপুর ও খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় বিপণনকেন্দ্র দুটি তৈরি করা হয়। সেগুলো উদ্বোধন করাও হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























