
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: করোনা পরিস্থিতিতে ইতোমধ্যে হাওরের প্রায় ৬২% বোরো ধান কর্তন শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । পাকা অবস্থায় রয়েছে ১৪% এবং এখনো পাকে নাই ২৪% বোরো ধান।
আজ মজ্ঞলবার ২৮ এপ্রিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এদিকে কৃষক ও শ্রমিকদেরকে উৎসাহ ও সহমর্মিতা-সহানুভূতি জানাতে আগামীকাল বুধবার (২৯ এপ্রিল) কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, সদর ও তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকের বোরো ধান কাটা পরিদর্শনে যাচ্ছেন।
উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া- এই সাতটি জেলায় এবছর শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।
এর মধ্যে (২৭ এপ্রিল) পর্যন্ত কর্তন হয়েছে ২.৭৪ লাখ হেক্টর জমির ধান যা শতকরা ৬২ ভাগ। সিলেটে ৬৫%, মৌলভীবাজারে ৭২%, হবিগঞ্জে ৫৫%, সুনামগঞ্জে ৬৫%, নেত্রকোনায় ৭৪%, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০% এবং কিশোরগঞ্জে ৪৭% বোরো ধান কর্তন হয়েছে।
আরোও পড়ুন:হাওরের ৬২% ধান কর্তন শেষ হয়েছে: কৃষি মন্ত্রণালয়
























