
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ছাদবাগানে হাফ ড্রাম ব্যবহার করে সহজেই মাল্টা, কমলা কিংবা জাম্বুরা চাষ করা যায়। বর্তমানে অনেক ছাদবাগানেই সাইট্রাস জাতীয় এসব গাছ ভালোভাবে বেড়ে উঠছে।
তীব্র রোদ যেখানে অনেক বিদেশি ফলগাছ সহ্য করতে পারে না, সেখানে সাইট্রাস গাছগুলো তুলনামূলকভাবে শক্তভাবে টিকে থাকে।
চারা রোপণের আগে করণীয়
মাল্টা, কমলা, জাম্বুরা বা লেবু—যে গাছই লাগান, প্রথম কাজ হলো ভালো জাতের চারা সংগ্রহ করা। এমন জাত বেছে নিতে হবে, যার ফল মিষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। বিশ্বস্ত নার্সারি থেকে চারা নেওয়া জরুরি, যাতে মানসম্পন্ন জাত নিশ্চিত করা যায়।
নার্সারি বা কুরিয়ার থেকে চারা আনার পর কিছু প্রাথমিক যত্ন না নিলে অনেক সময় গাছ শকে পড়ে মারা যেতে পারে। তাই চারা আনার পর প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
হাফ ড্রামের জন্য মাটি প্রস্তুতি:
- মাটি শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে।
- কম্পোস্ট ৩০% + মাটি ৩০% + বালু ১৫% + কোকোডাস্ট ১০% + নিমের খৈল + হাড়ের গুঁড়া + শিংকুঁচি + জিপসাম + ম্যাগসার + কুইক পটাশ ১৫%—সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সব উপাদান না থাকলে যেগুলো আছে সেগুলো দিয়েই মিশ্রণ তৈরি করা যায়।
- ড্রামের পাশে ও নিচে কয়েকটি ছিদ্র করতে হবে, যাতে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে।
- ড্রামের নিচে প্রথমে পাথর বা ইটের খোয়া দিতে হবে। তার ওপর প্রায় ২ ইঞ্চি বালু এবং তার ওপর আরও ২ ইঞ্চি কোকোডাস্ট দিতে হবে। এতে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে।
- এরপর সার মিশ্রিত মাটি দিয়ে ড্রাম ভরতে হবে। তবে উপরের দিকে ৪–৫ ইঞ্চি খালি জায়গা রাখতে হবে।
- মাটিতে পানি দিয়ে ১০–১৫ দিন রেখে দিতে হবে। এ সময় ছোট কোদাল বা নিড়ানি দিয়ে মাঝে মাঝে মাটি আলগা করে দিতে হবে। এতে সার মেশানোর ফলে যে গ্যাস তৈরি হয়, তা বের হয়ে যেতে পারে।
- ১০–১৫ দিন পর ড্রামের মাটিতে চারা রোপণ করা যাবে।
চারা রোপণের সময়: অনেকে মনে করেন শুধু বর্ষাকালেই চারা লাগানো ভালো। তবে নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা থাকলে বছরের যেকোনো সময়ই সাইট্রাস জাতীয় গাছের চারা লাগানো যায়।
























