
এগ্রিকেয়ার ডেস্ক: প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচি হিসেবে আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে, ১০ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে। পৃথিবীর ইতিহাসে এমন কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। তবে বাংলাদেশে এটা হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটা অর্থনীতি করতে চান। অর্থাৎ গণতান্ত্রিক কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে চান। সেই কারণেই আপনারা লক্ষ্য করেছেন, কৃষিঋণ মওকুফ হয়েছে, ফ্যামিলি কার্ড শুরু করেছি, কৃষক কার্ড শুরু করেছি, আমরা দেশব্যাপী কর্মসংস্থান করতে চাই, নতুন শিল্পায়ন করতে চাই। এছাড়াও সমাজে বিভিন্ন ধর্মীয় সংহতি বজায় রাখার জন্য ইমাম, মুয়াজ্জিন ও পুরহিতদের সহায়তার ব্যবস্থা করছি। আমরা অর্থনীতির একটা পুনঃজাগরণ করছি, কল্যাণ রাষ্ট্রের পুনর্জাগরণ করছি আমরা।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি) ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
সভায় টেকসই অবকাঠামো নির্মাণ এবং কৃষি ও শিল্পকলার প্রসারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও গতিশীল হওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া জেলা সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন, শিক্ষা, সমাজসেবা, মহিলা ও যুব উন্নয়নের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করে সমৃদ্ধ রাজবাড়ী বিনির্মাণে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
























