
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ব্রি ধান৩৪ ও ৫০’র চাল বিভিন্ন দূতবাসে উপহারস্বরূপ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশের সরু ও সুগন্ধি প্রিমিয়াম কোয়ালিটির এমন অনেক ধানের জাত রয়েছে যেগুলোর চাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব।
এ উপলক্ষে গত রোববার (০২ ফেব্রুয়ারি, ২০২০) বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর মহাপচিালক ড. মো. শাহজাহান কবীর ব্রি উদ্ভাবিত ওই ধরনের দুটি জাতের চাল (ব্রি ধান৩৪ ও ব্রি ধান৫০) এর কিছু নমুনা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে উপহারস্বরূপ প্রেরণের উদ্দেশ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এর কাছে হস্তান্তর করেন।
এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমস্টেক উইংয়ের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. সামছুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যন ড. শেখ মো. বখতিয়ার উপস্থিত ছিলেন।
ব্রি ধান৩৪ ও ৫০’র চাল বিভিন্ন দূতবাসে উপহারস্বরূপ দেয়ার উদ্যোগ নেয়ার ফলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা বাংলাদেশে উৎপাদিত চাল সম্পর্কে ভালো ধারণা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইতিমধ্যে চার রপ্তানীতে দেশের সরকারের পক্ষ থেকে প্রণোদনার ঘোষণা এসেছে। এ প্রেক্ষিতে এমন উদ্যোগ অনেক বেশি সহায়ক হবে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, দেশের ধান চাষে সময় উপযোগী ও মানসম্মত নতুন নতুন জাতের উদ্ভাবন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) অগ্রণী ভূমিকা পালন করছে। দেশে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনেও অগ্রণী ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের কৃষি গবেষণার একটি প্রধান অঙ্গ হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যা দেশের প্রধান খাদ্য ধান উৎপাদন ও জাত উন্নয়নে কাজ করছে।
ব্রি মিশনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো ধান গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়তা, ক্রমহ্রাসমান সম্পদ সাপেক্ষ জলবায়ুবান্ধব ধান প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন।
আরও পড়ুন: এখন থেকে চাল রপ্তানিতে ১৫% প্রণোদনা দিবে সরকার
























