
এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: মসলা জাতীয় ফসলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনার উপর মসলা গবেষণা কেন্দ্র, বগুড়ার বিজ্ঞানীদের সাথে মুক্তিযোদ্ধা, কৃষিবিদ, সংসদ সদস্য আব্দুল মান্নান এর সাথে মত বিনিময় হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ মোট ৭০ জন।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান বলেন, মসলা ফসলের উপর গবেষণা আরো জোরদার করতে হবে এবং উদ্ভাবিত প্রযুক্তিসমূহ কৃষকের মাঠে দ্রুত সম্প্রসারণ করতে হবে।
অনুষ্ঠানে মসলা গবেষণা কেন্দ্র, বগুড়া-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শফিকুল ইসলাম সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মসলা গবেষণা কেন্দ্র, বগুড়া-এর প্রাক্তন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কলিম উদ্দিন, কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্র, বগুড়া-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: জুলফিকার হায়দার প্রধান এবং সরেজমিন গবেষণা বিভাগ, বগুড়া-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শহিদুল আলম। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রজব আলী।
মসলা গবেষণা কেন্দ্রের সার্বিক গবেষণা কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করেন মসলা গবেষণা কেন্দ্র, বগুড়া-এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কে, এম, খালেকুজ্জামান।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৬ সালে মসলা গবেষণা কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। বর্তমান কৃষি বান্ধব সরকারের অধীনে ২০০৯ থেকে ২০১৭ খ্রি: পর্যন্ত মসলা গবেষণা কেন্দ্র থেকে মসলা জাতীয় ফসলের মোট ১৯ টি জাত এবং ৬২ টি বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে।
২০০৯ খ্রি:-এ মসলা ফসলের উৎপাদন ছিল ১২.১২ লক্ষ মেট্রিক টন (জমির পরিমান ছিল ২.৮৫ লক্ষ হেক্টর) এবং ২০১৬ খ্রি:-এ মসলা ফসলের ফসলের উৎপাদন ছিল ২৪.৮৮ মেট্রিক টন (জমির পরিমান ছিল ৩.৯৫ লক্ষ হেক্টর) (উৎস: বিবিএস)। সংবাদ বিজ্ঞপ্তি।
























