
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে প্রায় ৪ বিঘা জমির মরিচক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী কৃষক জালশুকা গ্রামের রবিউল্লা মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) ও চান মিয়া (৫০) জানান, পুর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে তাদের এই ফসলগুলো নষ্ট করা হয়েছে।
শনিবার ২৩ অক্টোবর জানা যায়, সংসারে সচ্ছলতা আনতে প্রায় ৪ বিঘা জমিতে মরিচক্ষেত করেছিলেন উপজেলার জালশুকা গ্রামের কয়েকজন দরিদ্র কৃষক। গাছে এখন মরিচ ধরা শুরু হয়েছে। এ মরিচ বিক্রি করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন পরিবারগুলো। তাছাড়া বর্তমান বাজারে মরিচের চড়া মুল্য হওয়ায় এ সম্ভাবনা ছিল আরও বেশী।
কিন্তু দুর্বৃত্তরা বিষাক্ত ঔষধ স্প্রে করে নষ্ট করে দিয়েছে তাদের সেই সোনার ফসল। এতে করে ভেংগে গেছে কৃষক পরিবারগুলোর সম্ভাবনাময় সোনালী স্বপ্ন।
এবিষয়ে শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরে আলম বলেন, মাথার ঘাম পায়ে ফেলে কৃষক যে ফসল ফলায় তা শুধু ঐ কৃষকের নিজেরই খাদ্য না, সারা দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করে। তাই খাদ্য নষ্ট করা একটা নিকৃষ্টতম কাজ। এছাড়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান ওই কর্মকর্তা।
এগ্রিকেয়ার/এমএইচ
























