
অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: গত বছরের খরার ভয়াবহ প্রভাব কাটিয়ে গমে বিশ্ববাজার দখল করছে ইউক্রেন।দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছর দেশটির খাদ্যশস্য উৎপাদন ও রফতানিতে অভাবনীয় প্রবৃদ্ধি এসেছে।
মন্ত্রণালয় বলছে, চলতি বছরের অক্টোবরে ইউক্রেন ৫০ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য উৎপাদন করে। ২০২১-২২ মৌসুমের প্রথম চার মাসে উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯৪ লাখ টনে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ১৮ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে খাদ্যশস্য রফতানিতে রাশিয়ার বড় হিস্যা রয়েছে। কিন্তু চলতি বছর খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে গম, ভুট্টা ও যব রফতানিতে শুল্ক আরোপ করেছে রাশিয়া। বিপরীতে মৌসুমের শুরু থেকেই ইউক্রেন কৃষিপণ্যগুলোর রফতানি অব্যাহতভাবে বাড়াচ্ছে। ফলে বিশ্ববাজারে দেশটির অবস্থান সম্প্রসারিত হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের প্রক্ষেপণ অনুযায়ী, এ বছর খাদ্যশস্য রফতানি ৬ কোটি ১৫ লাখ টনে পৌঁছবে, যা ২০২০-২১ মৌসুমের তুলনায় অনেক বেশি। ওই সময় ইউক্রেন ৪ কোটি ৪৭ লাখ টন খাদ্যশস্য রফতানি করে।
ইউক্রেনের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর খাদ্যশস্য উৎপাদন ৮ কোটি ৫ লাখ টনে উন্নীত হতে পারে। আগের বিপণন মৌসুমে উৎপাদন হয়েছিল ৬ কোটি ৫০ লাখ টন।
মূলত গম ও ভুট্টার ঊর্ধ্বমুখী উৎপাদন এ প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচার সার্ভিস সম্প্রতি গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, চলতি মৌসুমে ইউক্রেনে ৩ কোটি ৯১ লাখ টন ভুট্টা উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। গম উৎপাদন পৌঁছতে পারে ৩ কোটি ২১ লাখ টনে। এই পূর্বাভাস সঠিক হলে এটিই হবে কৃষিপণ্য দুটির রেকর্ড উৎপাদন।
এগ্রিকেয়ার/এমএইচ
























