
অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: গম রফতানিতে রাশিয়াকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউক্রেনের। এমনই তথ্য দিয়েছে সম্প্রতি মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস।
ইউএসডিএ জানায়, এ বছর প্রতিবেশী রাশিয়াকে গম রফতানিতে ছাড়িয়ে যেতে পারে ইউক্রেন। খরায় রাশিয়ার গম উৎপাদন ও রফতানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে দেশটির নীতিনির্ধারকরা চলতি মৌসুমের উৎপাদন পূর্বাভাস ১২ শতাংশ কমিয়ে এনেছেন।
চলতি বিপণন মৌসুমের ছয় মাসের কম সময়ে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি গম রফতানি করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এর মাধ্যমে শীর্ষ রফতানিকারক রাশিয়াকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষিপণ্যের পরামর্শক প্রতিষ্ঠান এপিকে ইনফর্মের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের জুনে দেশটিতে ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়। আগামী বছরের জুলাইয়ে মৌসুম শেষ হবে। এখন পর্যন্ত দেশটি ১ কোটি ২৪ লাখ টন গম রফতানি করেছে। এ সময় দেশটির প্রাথমিক রফতানি গন্তব্য ছিল ইন্দোনেশিয়া, মিসর ও তুরস্ক।
চলতি মাসের শুরুতে ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় এক পূর্বাভাসে জানায়, ২০২১-২২ মৌসুমে ৩ কোটি ২১ লাখ টন গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে ২ কোটি ৪০ লাখ টন। পূর্বাভাস ফলে গেলে এটিও হবে সর্বোচ্চ রফতানি।
এগ্রিকেয়ার/এমএইচ
























