
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ মঙ্গলবারের (২৮ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর আশপাশের এলাকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
তেঁতুলিয়ায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশপশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল ৬ টা থেকে ঢাকায় উত্তর অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪০ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























