নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পাওয়ায় অভিমানে দুই আদিবাসী কৃষক বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

দুজনের মধ্যে অভিনাথ মার্ডি (৩০) মারা যায় এবং নিহতের চাচাতো ভাই রবি মার্ডিকে (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বিষপানে নিহত অভিনাথ মার্ডি উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু গ্রামের বাবু চাঁদ মার্ডির ছেলে ।

তবে, গভীর নলকুপের ড্রাইভার শাখাওয়াত এ বিষয় অস্বীকার করেছেন। তিনি বলেন, গত ২২ তারিখ তাদের জমিতে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়া হয়নি কথা সত্য নয়। এটা তদন্ত করলেই পাওয়া যাবে। তবে তারা অতিরিক্ত মদ পান করে মারা গেছে বলে মনে হয়।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিমঘুটু গ্রামের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের কাছে তারা বিষপান করে।

নিহতের চাচাতো ভাই বাপ্পি মার্ডি বলেন, নিহত অভিনাথ মার্ডি ঈশ্বরীপুর মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের ড্রাইভার শাখাওয়াত হোসেনের কাছে ১২-১৪ দিন থেকে ঘুরতে থাকে। কিন্তু পানির জন্য সিরিয়াল পায়নি তিনি। এরই মাধ্যে জমির পানি শুকিয়ে ধানের জমি সাদা হয়ে গেছে। বুধবার বিকেলে পুনরায় ডিপের ড্রাইভারকে পানির জন্য বললেন। এর পরও পানি না পেয়ে গভীর নলকুপের পাশে অভিমানে অভিনাথ মার্ডি ও রবি মার্ডি বিষপান করে।

বাপ্পি বলেন, নলকুপের ড্রাইভার শাখাওয়াত বিষপানের কথা জানলে তাদের উদ্ধার বাড়ী নিয়ে যাওয়া হয়। পরে রাত ৯ টার দিকে বাড়িতেই অভিনার্থ মার্ডি মার যায় । আর রবি মার্ডিকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ওই গভীর নলকুপের অধিনে ১৭০ জন কৃষকের ২৬৫ বিঘা জমি রয়েছে। সিরিয়াল অনুযায়ী পানি দিতে হয়। খরা মৌসুমে সিরিয়াল পেতে দেরি হয়। দুইদিন আগে তাদের জমিতে পানি দেয়া হয়েছে। খরার কারণে পানি শুকিয়ে গেছে। বুধবার বিকেলে গিয়ে তারা আবার জমিতে পানি চায়।

ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে বিষপানের কথা বলা হলেও আদও তারা বিষপান করেছে না অন্য কোন কারণে অসুস্থ্য হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে অভিনাথ মার্ডির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এগ্রিকেয়ার/এমএইচ