অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দিনাজপুরের হিলি স্থলবন্দরে শুকনা মরিচের দাম কেজিতে কমেছে ৪০ টাকা। বাজারে সরবরাহ বাড়ার কারণে দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি মরিচে ৪০ টাকা কমেছে। এছাড়া আসন্ন ঈদুল আজহায় দাম বাড়ার সম্ভাবনা নেই। এদিকে শুকনা মরিচের দাম কমায় খুশি সাধারণ জনগণ। এক সপ্তাহ আগে প্রতি কেজি শুকনা মরিচ ২৫০-২৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। কিন্তু বর্তমানে তা কমে ২১০-২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে শুকনা মরিচ কিনতে আসা শিউলি আকতার বলেন, হঠাৎ শুকনা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। বর্তমানে দাম কমতে শুরু করেছে। সামনের দিনে দাম যেন আরো কমে, সে দাবি জানাচ্ছি।

পড়তে পারেন: নতুন মরিচের ফলন দেড় গুণ বেশি, হেক্টরে ৩২ টন!

হিলি বাজারে শুকনা মরিচ কিনতে আসা মিরাজুল ইসলাম বলেন, দুদিন আগেও বাজার থেকে প্রতি কেজি শুকনা মরিচ ২৬০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। একে তো তেল, চাল, ডালসহ সব জিনিসের দাম বাড়তি। তার ওপর নতুন করে শুকনা মরিচের দাম বাড়ায় চোখে অন্ধকার দেখছিলাম। বর্তমানে শুকনা মরিচের দাম কিছুটা কমেছে। দাম আরো কমা দরকার।

হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা শাকিল খান বলেন, সম্প্রতি বৈরী আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে খেত নষ্ট হওয়ায় কাঁচামরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষক শুকনা মরিচ করতে না পারায় বাজারে সরবরাহ কমে যায়। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় সরবরাহ বেড়েছে।

পড়তে পারেন: ভারতের মরিচ উৎপাদন কমতে পারে ৩০ শতাংশ

এছাড়া আগে শুধু বগুড়া থেকে এ অঞ্চলের বাজারগুলোয় শুকনা মরিচ এলেও এখন পঞ্চগড় থেকেও বাজারে প্রচুর শুকনা মরিচ আসছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ বেশি। সরবরাহ এমন থাকলে সামনের দিনে বিশেষ করে ঈদুল আজহায় দাম বাড়বে না, উল্টো আরো কমবে।

জানতে চাইলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, আমাদের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও করা হচ্ছে। বাজারে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য কড়া নজর রয়েছে। যদি এতকিছুর পরও অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এগ্রিকেয়ার/এমএইচ